পঞ্চগড়

স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে আটকের পর ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়, ২৭ ফেব্রুয়ারি – অবৈধভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের কারণে স্বামী-স্ত্রীসহ ৮ বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবি পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এ ঘটনায় বিজিবির কাছে হস্তান্তরকৃতদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

হস্তান্তরকৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), আখা নগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে শুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিস রায় (১৮)।

এছাড়া সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় রবিউ ইসলাম (৪৫) নামের এক পাথর শ্রমিককে আটকের পর ফেরত দেয় বিএসএফ। রবিউল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩০ এর ৬ সাব পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ৭ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির বিএসএফের টহলদল তাদের আটকের পর বিজিবিকে জানায়। পরে বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে অনুপ্রবেশকারী সাত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দালালের মাধ্যমে স্বামী-স্ত্রী ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনি। এদিকে এক পাথর শ্রমিক সীমান্ত অতিক্রম করায় তাকেও আটক করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকেও ফেরত দেয় বিএসএফ। সীমান্তে বিজিবির টহল সব সময় জোরদার রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language