অন্যান্য

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমবার নেপালের কাছে হারল বাংলাদেশ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। গতকাল প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপাল আজ ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনল। কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারাল নেপাল। সফরকারীরা সিরিজে ফেরায় জমে উঠল পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পেয়েছে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের সমান ২৪ পয়েন্ট ছিল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ যতো গড়িয়েছে উত্তেজনা ততো বেড়েছে। বাংলাদেশের সাথে সমান তালে লড়েছে নেপাল। এক সময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে আবার সমতায় ফিরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ পর্যন্ত হাসি নিয়ে খেলা শেষ করে নেপাল।

৪৫-৪২ পয়েন্টে ম্যাচ জিতে জমজমাট সিরিজের ইঙ্গিত দিল নেপাল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language