রাজশাহী

রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

রাজশাহী, ২১ ফেব্রুয়ারি – রাজশাহী কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত কয়েদির নাম শ্রী বিপুল কুমার (৩৩)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে।

তিনি নওগাঁ সদর থানায় করা ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন বিপুল।

রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. অফরোজা নাজনিন বলেন, বিপুলের ক্ল্যালবার্ন মানে গরম জাতীয় পোড়া ছিল। তার শরীরের ২০ শতাংশ বার্ন ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থাও করেছিল। তবে আজ সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রী কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, একজন কয়েদি আজ মেডিকেলে মারা গেছেন। তবে কী কারণে মারা গেছেন সেটি এখনো বলতে পারবো না। এখন আমি মৃতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করাতে ব্যস্ত। এ বিষয়ে পরে কথা বলবো।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language