ডা. কথক দাশ ফের তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি – চট্টগ্রামের হাজারি গলিতে যৌথবাহিনীর কাজে বাধা দান ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কোতোয়ালি থানার দায়ের হওয়া মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘যৌথ বাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি কথক দাশ। এই মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
ইসকন নিয়ে অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করায় ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীর দোকানে অবরুদ্ধ করে হামলা চালানো হয়। ইসকন অনুসারীরা এই কাজ করেন বলে অভিযোগ রয়েছে। ওসমানকে উদ্ধারে গেলে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও এসিড নিক্ষেপ করে হামলাকারীরা।
এতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। পরে হাজারী লেইনে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান এ মামলা দায়ের করেন। সেখানে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ডা. কথক দাশকে গ্রেপ্তার করা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানা, ঢাকায় হস্তান্তর করেন। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। জাতীয় পতাকা অবমাননার দায়ে সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাশসহ ১৯ জনের নামে মামলাটি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাসও।
ডা. কথক দাশ একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী হিসেবে পরিচিত।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫









