খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

কুড়িগ্রাম, ১০ ফেব্রুয়ারি – কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আবদুল গফুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাসজমি) নিয়ে একই এলাকার আবদুল জব্বার ও আবদুল হাকিমের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েকদিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার দুপুরের দিকে দুই গ্রুপ খাসজমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হন। হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমাণ ২০ শতাংশ। প্রতি বছর এই খাস জমিটি ঘিরে আবদুল জব্বার ও আব্দুল হাকিম- এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আজও খাসজমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হন। নিহত ব্যক্তি সম্পর্কে আবদুল হাকিমের ভাতিজা।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫









