গোপালগঞ্জ

গোপালগঞ্জে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ, ০৫ নভেম্বর – গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে নিলুফা বেগম (১৯) বলেন, আজ ভোরে উপজেলার দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন কুদ্দুস শেখ। ভোর সাড়ে ৫টার দিকে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের পুকুরে ফেলে চলে যায়।

এ সময় কুদ্দুসের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম আরও বলেন, গত বছর উপজেলার জোতকুড়া গ্রামের সিরাজ সরদারের ছেলে রফিক সরদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে কয়েক দফা তাকে মারধর করায় সম্প্রতি রফিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর রফিক আদালতে হাজির হয়ে জামিন নেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এটি তার স্বামী রফিক সরদারের বলে জানিয়েছেন নিলুফা বেগম।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ নভেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language