নড়াইল

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইল, ২১ সেপ্টেম্বর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ. জেড এম ইকবাল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের মোহাম্মদ শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়।

এর আগে ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া ছাত্রদের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জনের নামে মামলা হয়। ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language