লাগেজ ভর্তি ডলারের লোভ দেখিয়ে ৭৮ লাখ টাকা আত্মসাৎ

বরিশাল, ০৭ জুলাই – চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ফোন করা হয়। এরপর ভুক্তভোগীকে জানানো হয়, তার নামে একটি লাগেজ এসেছে। যাতে রয়েছে অনেক ডলার। আর এসব ডলার ছাড়াতে হলে টাকার প্রয়োজন। আর এভাবেই প্রতারণার ফাঁদে ফেলে ৭৮ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
এ ঘটনায় রাজধানীর মতিঝিল থেকে চক্রের অন্যতম সদস্য মো. সোহাগ শেখকে (২৪) গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫ ব্যাংকের ৮৬টি ডেবিট কার্ড, ১৫১টি ব্যাংকের চেকের পাতা, চারটি মোবাইল ও আটটি সিমকার্ড উদ্ধার করা হয়।
আজ রবিবার সকালে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার সোহাগ শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালের ১৯ নভেম্বর অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী বরিশাল নগরের বাসিন্দা রত্নেশ্বর মাঝির (৬৫) মোবাইলে ফোন আসে। যিনি ফোন দিয়েছিলেন তিনি নিজেকে খায়রুন নেছা পরিচয় দিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন কাস্টমস অফিসার পদে কর্মরত রয়েছেন বলে জানান। এ সময় রত্নেশ্বর মাঝিকে তিনি বলেন, তার নামে ‘এলিজাবেথ এরিস’ নামের একজন লাগেজ পাঠিয়েছেন। যাতে রয়েছে বিপুল পরিমাণ ডলার। এসব ডলার কাস্টমস থেকে ছাড়ানোর জন্য টাকা লাগবে।
পরবর্তীতে এশিয়া, পূবালী ও সিটি ব্যাংকের একাউন্টে এবং বিভিন্ন বিকাশ নম্বর থেকে মোট ৭৭ লাখ ৯০ হাজার টাকা প্রেরণ করেন রত্নেশ্বর মাঝি। এরপরও লাগেজ ছাড়াতে আরও টাকা লাগবে জানালে তিনি বুঝতে পারেন যে, প্রতারণার ফাঁদে পড়েছেন। এ ঘটনার পর ২৫ ডিসেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
উপপুলিশ কমিশনার আরও জানান, এরপর ৪ জুলাই কোতোয়ালি মডেল থানার একটি টিম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম তদন্ত করে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের অন্যতম সদস্য মো. সোহাগ শেখকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সংঘবদ্ধ ডলার প্রতারণা চক্রের সদস্য।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ জুলাই ২০২৪









