কাজের চাপেই কি ‘আত্মহত্যা’ করল রোবট অফিসার

সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রশাসনিক রোবট। স্থানীয় সংবাদমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট ‘আত্মহত্যা’ বলে আখ্যা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুমি কাউন্সিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝখানে ভাঙাচোরা অবস্থায় রোবটটিকে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে রোবটটিকে সেখানে হন্তদন্ত হয়ে কিছু খুঁজতে দেখা গিয়েছিল।
স্থানীয়রা এ ঘটনাকে প্রথম কোনো রোবটের ‘আত্মহত্যা’ হিসেবে বর্ণনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, অতিরিক্ত কাজের চাপেই আত্মাহুতি দিয়ে থাকতে পারে এ রোবট।
গুমি সিটি কাউন্সিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মূলত শহরের নাগরিকদের বিভিন্ন তথ্য দেওয়া এবং কাগজপত্র আনা নেওয়ার কাজ করত ওই রোবট। এক তলায় সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে, গুমি সিটি কাউন্সিলের রোবট লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত।
রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল। রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানি সেটি বিশ্লেষণ করবে।
স্থানীয় সংবাদমাধ্যম রোবটের সম্ভাব্য ‘আত্মহত্যা’ নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছে, ‘কেন অধ্যবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কি না?‘
আইএ









