শিক্ষা

দুই দিনের মধ্যে এইচএসসির ফল

আবু জাফর

ঢাকা, ১০ জানুয়ারি- আইনগত বৈধতা পেলেই অটোপাসের অধ্যাদেশ জারির দুই দিনের মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।ইতোমধ্যে ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) অধ্যাদেশ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এরপর সেটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে।

জানা যায়, রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে। মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দেয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছি। অধ্যাদেশ অনুমোদনের পর আমাদের শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে দুদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

আরও পড়ুন :  ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে বৈধতা দিতে একটি অধ্যাদেশ জারি করতে হবে। পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হয়।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে। এজন্য জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

জানা গেছে, অধ্যাদেশটি অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সাপেক্ষে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে। এরপর অধ্যাদেশ আকারে জারি করা হবে। অধ্যাদেশ জারির পর প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফলাফলের তারিখ ও ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language