সিলেটে সেনাবাহিনী মোতায়েন

সিলেট, ১৯ জুন – সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার সেনা মোতায়েন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় সেনারা সেখানে কাজ করছেন।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই বিদ্যুৎ উপকেন্দ্রটি থেকে সিলেট রেলওয়ে স্টেশন, শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে সেনাসদস্যরা কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, যেকোনো দুর্যোগ মোকাবিলায় ইন এইড টু দি সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৯ জুন ২০২৪









