জাতীয়

দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৫

ঢাকা, ০৮ জানুয়ারি- করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আর এটিই গত আট সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এর আগে গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৭৩৪ জনের মৃত্যু হলো। আর ২৪ ঘণ্টায় আরও ৭৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২০ হাজার ৬৯০ জনে।

আরও পড়ুন :  মির্জা কাদের সত্য কথা বলেছেন: জয়নাল হাজারী

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জনে দাঁড়ালো।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। তা ৫ লাখ পেরিয়ে যায় ২০ ডিসেম্বর। এরমধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language