মেহেরপুর

পাসের মিষ্টি নানাবাড়িতে দিয়ে ফেরার পথে প্রাণ গেল চঞ্চলের

মেহেরপুর, ১৪ মে – নানার বাড়িতে এসএসসি পরীক্ষার পাসের মিষ্টি দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় জান্নাতুজ্জামান চঞ্চল (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।

চঞ্চল গাংনী উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। তিনি এবার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

চঞ্চলের বাবা রাকিবুজ্জামান জানান, রোববার (১৩ মে) ছেলে এসএসসি পাস করেছে। আজ তার নানাবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল। ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় চঞ্চল।

চঞ্চলের বন্ধু আলিফ বলেন, ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী আসছিলাম। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে ইজিবাইকের চার যাত্রী। পরে মুমূর্ষু অবস্থায় চঞ্চলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকের সন্ধান করা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language