সিরাজগঞ্জ

‘৩০ লাখ টাকায়’ বিক্রি বিএনপি প্রার্থীকে প্রতীক দিতে নির্দেশ

সিরাজগঞ্জ, ০৪ জানুয়ারি – সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আলতাফ হোসেন প্রমাণিককে প্রতীক বরাদ্দ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অদেশ দেন।

আদালতে সোমবার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ) ও নুসরাত ইয়াসমিন।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনের জন্য গত ২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর মো. আলতাফ হোসেন প্রমাণিক মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার সেটি বাতিল করে দেন।

এরপর আলতাফ হোসেন গত ২৮ ডিসেম্বর আপিলেট অথরিটি (জেলা প্রশাসক) বরাবর আপিল করেন। কিন্তু আপিলটি যথা সময়ে দাখিল না হওয়ায় সেটি আপিল অথরিটি গ্রহণ করেননি। ওই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

হাইকোর্ট তার এই আবেদনের শুনানি নিয়ে আজ তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৩০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে বেলকুচি পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামাণিক ইচ্ছাকৃত মনোনয়নপত্র ভুল করে জমা দিয়েছেন বলে বিএনপি নেতারা লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন : কুমিল্লায় মাটি খুঁড়তেই পাওয়া গেল যুদ্ধের সময়ের ৫টি মর্টার শেল

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান সরকার বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের মাধ্যমে হাজী আলতাফ হোসেন প্রামাণিক উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন ও বিএনপি নেতা মজনু খানের যোগসাজশে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন নেন। পরবর্তীতে ৩০ লাখ টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে জানান- ইচ্ছাকৃতভাবে মনোনয়নপত্র ভুল করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। পরবর্তীতে তিনি আপিল পর্যন্ত করেননি। এটি পূর্ব পরিকল্পিত। এতে দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বেলকুচিতে বিএনপির রাজনীতি সংকটাপন্ন হয়ে পড়েছে। বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করীম, হাফিজুর রহমান ও হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হাসন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামাণিক জানান, আমার একটি মামলার তথ্য ভুলক্রমে উল্লেখ করা ছিল না। তবে পরবর্তীতে আমার নানাবিধ চাপ থাকায় আপিল করতে পারিনি।

তিনি বলেন, যারা সংবাদ সম্মেলন করছেন তারা উপজেলা বিএনপি কমিটির মূল দায়িত্বে নেই।

এ ব্যাপারে বেলকুচি উপজেলা বিএনপির নব্য আহ্বায়ক কমিটির সদস্য সচিব বনি আমিন বলেন, দলে প্রার্থী না থাকার কারণে আলতার হোসেন ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসেন। এ ব্যাপারে আগামী ৬ই জানুয়ারি আলোচনার কথা রয়েছে। কেন তিনি নির্বাচেন অংশ নিতে পারলেন না আর কেনো তিনি আপিল করলেন না তার কারণ জানতে চাওয়া হবে। আর আজ যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদ সম্মেলন করেছেন সে বিষয়েও আলোচনা ও জবাব চাওয়া হবে।

সুত্র : পূর্বপশ্চিমবিডি
এন এ/ ০৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language