ঠাকুরগাঁও

এবার কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঠাকুরগাঁও, ০৪ জানুয়ারি- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দারা জানান, গতকাল রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রণাম জানাতে যায় তারা। এ সময় তারা মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দেন তারা।

আরও পড়ুন:  ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language