জাতীয়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন

ঢাকা, ২৪ মার্চ – স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ও বৃটেন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর দফতরে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, স্মার্ট বাংলাদেশের চারটি পিলার- স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনোমি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট সোসাইটির সঙ্গে বৃটেনের ডিজিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভিশন-২০৪১ ঘোষণা করেছেন এবং বৃটিশ সরকারও তাদের ডিজিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ঘোষণা করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে তারা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ, ট্রেড, বিজনেস ও কমার্স কীভাবে বাড়ানো যায়; সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইনোভেশন ও সাইবার সিকিউরিটি নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্সসহ দু’দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৪ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language