মধ্যপ্রাচ্য

গাজায় গত ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যু

জেরুজালেম, ১৭ মার্চ – ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর-আল-বালাহতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

রোববার (১৭ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে শনিবার একদিনের হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দেইর-আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে বিশারা এলাকার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে থাবেত পরিবারের অন্তত ১২ জন নিহত হয়। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, দাতব্য সংস্থার ১৩ টি ত্রাণবাহী ট্রাক নিরাপদে গাজা ও জাবালিয়ায় পৌঁছেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়া প্রথম গাড়িবহর এগুলো।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা রোববার আবারও শুরু হওয়ার আশা করছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। হামাসের দেওয়া তিন পর্বের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৩ হাজার ৬৭৬ জন। আর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language