জাতীয়

হিন্দি সিনেমা দেখে অস্ত্র রাখার পরিকল্পনা করেন শিক্ষক রায়হান শরীফ

সিরাজগঞ্জ, ১৫ মার্চ – সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমীনকে (তমাল) গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শিক্ষক রায়হান শরীফকে ডিবি কার্যালয় থেকে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়। পরে সেখান থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিমান্ডে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে। তবে ডা. রায়হান শরীফ তার অস্ত্রের উৎসের সন্ধান বিষয়ে দাবি করেছেন, হিন্দি সিনেমা দেখে শখের বশে অস্ত্রটি সংগ্রহ করেছিলেন।

এর আগে গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের মৌখিক পরীক্ষা নেওয়ার সময় শিক্ষক রায়হান শরীফ ছাত্র আরাফাত আমীন তমালের পায়ের ঊরুতে গুলি করেন।

ওই ঘটনায় শিক্ষক রায়হান শরীফের নামে ছাত্রের বাবা সিরাজগঞ্জ সদর থানায় হত্যাচেষ্টা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। অস্ত্র আইনে হওয়া মামলায় ১১ মার্চ তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language