দক্ষিণ এশিয়া

হুইলচেয়ার না থাকায় বৃদ্ধের মৃত্যু, এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি – এক যাত্রীর প্রতি অবিবেচকের মতো আচরণ করায় এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। মুম্বাইয়ের ছত্রপতি শিভাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৮০ বছর বয়সী এক যাত্রীর হুইলচেয়ারের প্রয়োজন ছিল। কিন্তু তাকে হুইলচেয়ার দেওয়া হয়নি। ফলে ওই যাত্রীকে বিমান থেকে নেমে টার্মিনাল পর্যন্ত হেঁটে আসতে হয়। পরবর্তী সময়ে ওই যাত্রীর মৃত্যু হয়। গত ১৬ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে।

দ্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ওই ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। তারা এই ঘটনার কারণ দর্শাতে এয়ার ইন্ডিয়াকে সাত দিনের সময় বেধে দেয়। ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, এয়ার ইন্ডিয়া এই ঘটনায় দোষী। পরে এয়ারলাইন্সটিকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়।

তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই যাত্রীর স্ত্রীকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল এবং স্টাফরা তাকে হুইলচেয়ারের জন্য অপেক্ষা করতে বলেন। তবে ওই ব্যক্তি অপেক্ষা না করে তার স্ত্রীর সঙ্গে টার্মিনালের দিকে হেঁটে চলে যান।

এক বিবৃতিতে এয়ারলাইন্সটি বলেছে, আমাদের এক যাত্রী নিউইয়র্ক থেকে মুম্বাই যাচ্ছিলেন। ইমিগ্রেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হুইলচেয়ারের চাহিদা বেশি থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি অপেক্ষা করেননি।

তদন্ত করার পর ডিজিসিএ দেখতে পেয়েছে যে, চলাফেরায় অক্ষম বা অসুস্থ ব্যক্তিদের জন্য যে ধরনের সেবা দেওয়ার কথা, সেই নিয়ম মেনে চলেনি এয়ার ইন্ডিয়া। বিমান চলাচলের নিয়ম মেনে চলার ব্যর্থতার কারণে এয়ারলাইন্সটিকে জরিমানা করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language