জাতীয়

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধার অভিযোগ

ঢাকা, ২৯ ফেব্রুয়ারি – বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখে তাকে বসিয়ে রেখেছেন। বিষয়টি জানিয়েছেন আলালের একান্ত সহকারী জাহাঙ্গীর হাওলাদার।

তিনি জানান, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এর আগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই চেন্নাইতে যাওয়ার কথা ছিলো। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে। কারামুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীসহ ভারতে যাওয়ার সময় তাকে বিমানবন্দরে বাধা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিদেশে যেতে কোনো বাধা নেই- উচ্চ আদালতের এমন নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে বার বার বাধাগ্রস্থ করা হচ্ছে। এর আগেও অপারেশনে যাওয়ার সময়ও তাকে বিমানবন্দরে দীর্ঘক্ষন আটকিয়ে রেখেছিলেন। এতে তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ যে, গত ২১শে ফেব্রয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language