জাতীয়

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

মারুফ বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শক্রমে আমার বাবা গতকাল রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন।

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪-৬ মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে দোয়াপ্রার্থী। সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার বাবাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।

গত বছরের ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন। এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গতবছরের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন। সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language