আগাম জামিন আবেদন নেবেন না হাইকোর্টের এক বেঞ্চ

ঢাকা, ২৫ জানুয়ারি – তিন সপ্তাহের জন্য আগাম জামিনের আবেদন নেয়া বন্ধ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত কয়েক দিন ধরে হাইকোর্টের একাধিক বেঞ্চে প্রচুর আগাম জামিন আবেদনের শুনানি হয়। এরপরও অসংখ্য আবেদনপত্র অনিষ্পন্ন থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন আদালত।
সংশ্লিষ্ট বেঞ্চের আইনকর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব মিলিয়ে জামিন হয় পাঁচ শতাধিক ব্যক্তির। বেশির ভাগেই রাজনৈতিক মামলায় জামিন নিয়েছেন।
দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এ কয়দিন আগাম জামিন নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় তিন শতাধিক আগাম জামিনের আবেদন ছিল।
এর মধ্যে ২৬৮টি আবেদনে শুনানির পর ১৮০টি আবেদন মঞ্জুর করেন আদালত। এই বেঞ্চ থেকে আগাম জামিন নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার অনুসারীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের এই বেঞ্চই আগাম জামিনের আবেদন না নেয়ার সিদ্ধান্ত জানায়।
আদালত কক্ষের দরজায় টাঙানো নোটিশে বলা হয়েছে, ‘এতদ্বারা বিজ্ঞ আইনজীবীদের জানানো যাচ্ছে যে, অত্র ২৭ (এনেক্স) কোর্ট-এ অসংখ্য আগাম জামিনের আবেদনপত্র অনিষ্পন্ন থাকায় আগামী তিন সপ্তাহ কোনো আগাম জামিনের আবেদনপত্র গ্রহণ করা হবে না।’ আদেশক্রমে কর্তৃপক্ষের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।
এই বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী আইন কর্মকর্তা সাইফুদ্দিন খোলেদ কালের কণ্ঠকে বলেন, ‘বেশিরভাগই রাজনৈতিক মামলায় জামিন হয়েছে।
যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের জামিন দিয়েছেন আদালত। তবে গাড়ি পোড়ানো, ট্রেনে অগ্নিসংযোাগ অথবা পুলিশের ওপর হামলা করেছেন এমন অভিযোগ থাকা আসামিদের আদালত জামিন দেননি। গতকাল বুধবার ২৬৮টি আবেদন শুনে ১৮০ আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আরও পাঁচ শতাধিক আবেদন শুনানির অপেক্ষায় আছে বলে জানান এই আইন কর্মকর্তা।
সূত্র: বাংলাদেশ জর্নাল
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪









