সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু নিয়ে ‘মন্তব্য’ করতে চান না মন্ত্রী

ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশ-ভারত সীমান্তে গত সোমবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সিপাহি নিহত হওয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না।
এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কথা হলো দেখুন আমি আজকে দুপুর সাড়ে এগারোটায় নেমেছি। বাসায় গিয়ে গোসল করে খেয়ে আমি এখানে চলে এসেছি। আমি এখনো ডমেস্টিক (দেশীয়) কোনো বিষয়ে এখনো মনোযোগ দিতে পারিনি। নিশ্চয়ই এ বিষয়ে আমাদের বক্তব্য, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো বক্তব্য থাকে সেটি বলা হবে। এ বিষয়ে আমি এখন বলতে চাই না।’
উল্লেখ্য নিহত বিজিবি’র সিপাহির নাম মোহাম্মদ রইশুদ্দীন, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। যশোরের বেনাপোল উপজেলার ধান্যখোলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলন (সাউথ সামিট) শেষে মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, এই দুই দিনে ১৭টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।
জাতিসংঘের মহাসচিব, কমনওয়েলথ মহাসচিব, ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, মিয়ানমারের উপপ্রধানসহ, ফিলিস্তিন, সিঙ্গাপুর, ব্রাজিল, কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান প্রত্যেকেই শেখ হাসিনার নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দেশটির আগ্রহ আছে। রোহিঙ্গা সংকটের কারণে ঢাকা-নেপিদো বাণিজ্য আগের তুলনায় কমেছে। বাংলাদেশ মিয়ানমার থেকে অনেক কিছু আমদানি করে। এই বাণিজ্য বাড়ানোর লক্ষ্যেও আলোচনা হয়েছে।’
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে ভারতের সহযোগিতাও চেয়েছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
উগান্ডায় ৩০ হাজার হেক্টর কৃষি জমি লিজ নেয়ার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান ড. হাছান মাহমুদ। তিনি জানান, সেখানে তুলা ও পামওয়েল চাষ করতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের উগান্ডায় যাবেন।
সৌদি আরব, বাহরাইন ও সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসব আন্তর্জাতিক সম্মেলনে সকলেই ফিলিস্তিনের গাজায় সহিংসতার নিন্দা জানিয়েছে বলেও জানান তিনি। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ এসকল সহিংসতা পৃথিবীর জন্য কল্যাণকর নয় বলেও মনে করেন তিনি।
এছাড়া ড. ইউনুসের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাংবাদিকরা ড. ইউনুসের বিষয়ে মার্কিন সিনেটরদের বিবৃতির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগ নেতা হিসেবে এই উত্তর দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ড. ইউনূসকে হয়রানি বন্ধে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১২ জন মার্কিন সিনেটর।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪









