জাতীয়

গ্রামের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরী

কুমিল্লা, ২২ জানুয়ারি – নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। শনিবার (২০ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদিঘী ইউনিয়নের বিজয়করা গ্রামে যান তিনি। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি নিজ গ্রামের স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রথমে তিনি চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। হাসপাতালটিকে আধুনিক ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে তিনি চৌদ্দগ্রাম পৌরসভা পরিদর্শন করেন। পৌরসভার মেয়র, কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসব স্থানে ও গ্রামে যাওয়ার পথে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিজ গ্রামে বিজয়করায় তিনি প্রথমে অসহায় ও দুস্থ শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তারপর তিনি তার মরহুম পিতা ভাষাসৈনিক আহমেদ হোসেন এবং সুফি আব্দুর রহমানের কবর জিয়ারত করেন।

বিকেল ৩টায় বিজয়করা স্কুল অ্যান্ড কলেজে যান তিনি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রছাত্রীরা। তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়। বিশেষ করে শৈশব, কৈশোর এবং কর্মজীবন ও কবিতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। কামাল চৌধুরী শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে ও নিজেদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা।

১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পান কামাল চৌধুরী।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language