চারঘাটে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

রাজশাহী, ১৯ জানুয়ারি – রাজশাহীর চারঘাটে আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ল ১০ ঘর। আগুন নেভাতে গিয়ে তিনজন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার শলুয়া ইউনিয়নের হলিগাছি আশ্রয়ণ প্রকল্প-২-এ আগুনের এ ঘটনা ঘটে।
চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভাতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার আশ্রয়ণের ১০ নম্বর ব্যারাকের পশ্চিম পাশের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই তা ওই ব্যারাকের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারঘাট ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ যাবতীয় জিনিসপত্রও ভস্মীভূত হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৩ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত জামেনা বেওয়া (৭৫) বলেন, ভিক্ষা করে সংসার চালাই। সম্বল বলতে সরকারের দেওয়া ঘরটা ছিল। ঘরের চৌকিসহ সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। কোথায় থাকব, কোথায় যাবো আমরা এই শীতে।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. কিবরিয়া বলেন, আগুনে আবাসনের ১০টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুড়ে যাওয়া ১০ ঘরের বাসিন্দাদের আপাতত পাশের আবাসনের ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। চাল, ডাল, তেলসহ যাবতীয় শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের দপ্তর থেকেও সহযোগিতা করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪









