জাতীয়

৬ ও ৭ জানুয়ারি চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন

ঢাকা, ০৬ জানুয়ারি – রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে চার যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বেনাপোল এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের ২২টি ট্রেন দুইদিন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এই ২ দিন হচ্ছে- নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারি এবং নির্বাচনের দিন ৭ জানুয়ারি। শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে একটার দিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপকের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।।

পোস্টে বলা হয়, ‘সম্মানিত যাত্রী সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। সেই সঙ্গে মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/গাউন), পদ্মরাগ (২১ / ২২), রংপুর শাটল (৯৭ / ৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫ /৬) ও বগুড়া কমিউটার (৫ /৬) আগামী ৬ ও ৭ জানুয়ারি বন্ধ থাকবে।’

এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২ / ৪৫৫ / ৪৫৬ / ৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এর আগেও ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল। গত ২২ ডিসেম্বর ৫ জোড়া ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল, রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে। বন্ধ করা ট্রেনগুলো ছিল—ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন। এসব ট্রেন এখনো চালু হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language