জাতীয়

ডেঙ্গুতে বছরের প্রথম প্রাণহানি

ঢাকা, ০২ জানুয়ারি – নতুন বছরের দ্বিতীয় দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেছেন মোট ১ হাজার ৭০৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৬০ জন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৩ জন এবং সারা দেশে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৫৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৫৯ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ৯৪ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকার সিটির হাসপাতালে মারা যান।

চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এর মধ্যে ঢাকাতে ৩৯ জন ও সারা দেশে ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ১৫৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৫৯ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতাল ৯৪ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ৬৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ২৬২ জন এবং সারা দেশে ৩৯৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সূত্র: কালবেলা
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language