জাতীয়

৭ জানুয়ারির এই নির্বাচন গুরুত্বপূর্ণ

ঢাকা, ৩১ ডিসেম্বর – জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সেটি প্রতিষ্ঠিত হবে। কারণ এর মাধ্যমে শোষণহীন সমাজে অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠায় জনগণের সঠিক প্রতিনিধি নির্বাচিত হয়।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসন মিলনায়তন কক্ষে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার মালিক। সে অনুযায়ী জনগণই ভোটারাধিকারের মাধ্যমে নির্ধারণ করবে– কারা এদেশের শাসনভার গ্রহণ করবেন এবং কারা এ দেশ পরিচালনা করবেন।

এ সময় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, পুরো পৃথিবীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সব দেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু নির্বাচনে কোনোভাবে সহিংসতা মেনে নেওয়া যাবে না। অতীতের সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, বহু ত্যাগ-তিতীক্ষার মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। যা এই স্বাধীন দেশের যোগ্য ভোটারদের কাজ। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।

দিনাজপুরের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, পরিচালক (প্রশাসন) কাজী আরফান আশিক, পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) ভারপ্রাপ্ত সচিব আশরাফুল আলম, উপ-পরিচালক রবিউল ইসলাম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন অফিসের প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান, সংসদ সদস্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language