ক্রিকেট

মেলবোর্ন টেস্টে জুয়ার বিজ্ঞাপন, পাকিস্তানে সম্প্রচার বন্ধ

ক্যানবেরা, ২৮ ডিসেম্বর – অস্ট্রেলিয়ার ব্রডকাস্টারে জুয়ার বিজ্ঞাপন থাকায় পাকিস্তানের ক্রীড়া চ্যানেল ‘পিটিভি স্পোর্টস’ মেলবোর্ন টেস্টের প্রথম দিনের খেলা সম্প্রচার করেনি। তবে টেন স্পোর্টসের মাধ্যমে খেলা দেখতে পেরেছেন পাকিস্তানিরা। দ্বিতীয় দিন বিজ্ঞাপনের বিষয়টির সমাধান হওয়ায় টেস্ট সম্প্রচার শুরু করে পিটিভি স্পোর্টস।

জুয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রচারণা না করতে সম্প্রচার বন্ধের এমন নজির বিরলই বলা চলে। মুলত পাকিস্তান সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই এই কঠোরতা দেখিয়েছে পিটিভি স্পোর্টস, যা পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের মালিকানাধীন টিভি চ্যানেল। পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন আবার সরকারের মালিকানাধীন।

পাকিস্তানে সব ধরনের জুয়া অবৈধ ও আইনত নিষিদ্ধ। এমনকি লটারিকেও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। মেলবোর্ন টেস্টের জন্য মূল ব্রডকাস্টার ফক্স স্পোর্টস পিটিভি ও অন্যান্য ব্রডকাস্টারদের যে ফিড সরবরাহ করেছে সেখানে মাঠের মধ্যে বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির চাওয়া অনুযায়ী অবশেষে জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনহীন ক্লিন ফিড সরবরাহ করা হয় পাকিস্তানে। ফলে দেরিতে হলেও পিটিভি স্পোর্টস মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্ট সম্প্রচার করা শুরু করে।

সরকারের কড়াকড়ি আরোপ সত্ত্বেও অবশ্য পাকিস্তানের ক্রিকেটে জুয়ার বিজ্ঞাপন পুরোপুরি দমন করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের স্পন্সর হিসেবে ছিল একটি বেটিং প্রতিষ্ঠানের সারোগেট ওয়েবসাইট। এ নিয়ে তোপের মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেটিং প্রতিষ্ঠানের লোগো মুছে জার্সি পরে খেলতে দেখা গেছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটারদের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language