মেহেরপুর

মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও অলোক কুমারকে ইসির শোকজ

মেহেরপুর, ২৬ ডিসেম্বর – সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ও মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইসি গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ডাক্তার অলোক কুমার দাসকে মোবাইলে হুমকি দেন স্বতন্ত্র প্রার্থী। ভাইরাল হওয়া ওই কল রেকর্ডের সূত্র ধরে মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ শোকজ করেছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি।

রোববার (২৪ ডিসেম্বর) মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এবং নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন এই দুজনের বিপক্ষে পৃথক পৃথক শোকজ নোটিশ ইস‌্যু করেন।

জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ের সূত্রে জানা গেছে, সম্প্রতি মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিয়েছেন মর্মে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে ফোনালাপ সংশ্লিষ্ট উভয় পক্ষকে শোকজ করেন এইচ এম কবির হোসেন।
শোকজ নোটিশে প্রফেসর আব্দুল মান্নানকে বলা হয়েছে, আপনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগে বলা হয়েছে আপনি মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাসকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন।

আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয় উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

অপর দিকে ডা. অলোক কুমার দাসকে শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি প্রকাশিত অডিও ক্লিপের ব্যাপারে এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা প্রদান করবেন। এবং আগামী ২৭ ডিসেম্বর বুধবার সকাল দশটায় নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language