ঢালিউড

দেবরপ্রিয় ভাবির চরিত্রে মৌসুমী

ঢাকা, ১১ অক্টোবর- প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। কয়েক দশক ধরে ঢাকাই সিনেমা তিনি মাতিয়ে রেখেছেন সৌন্দর্য আর অভিনয় দিয়ে। আজকাল তাকে নিয়মিত দেখা যায় না সিনেমায়। তাকে মিস করেন তার ভক্ত-অনুরাগীরা।

সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন খবর নিয়ে হাজির হলেন মৌসুমী। তিনি ‘দেবর আমার কত আপন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির পরিচালক সায়মন তারেক। তিনি আজ রোববার, ১১ অক্টোবর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নিয়ে নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছি। আজই উনার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এখানে তিনি দেবরপ্রিয় ভাবির চরিত্রে অভিনয় করবেন। তবে গল্প তাকে কেন্দ্র করেই। ভাবি মায়ের মতো দেবরদের কাছে। এই সম্পর্কের সৌন্দর্য ও শ্রদ্ধার জায়গায় দর্শককে কিছু বার্তা দেয়া হবে এই ছবি দিয়ে।

সামাজিক প্রেক্ষাপটে একটি পারিবারিক সিনেমা নির্মাণের চেষ্টা করছি। যেখানে পারিবারিক মূল্যবোধ, জীবনের সুন্দর কিছু বিষয় ফুটে উঠবে।’

আরও পড়ুন : বলিউডকে ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী সানা খান

এ নির্মাতা জানান, ছবিতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে তার স্বামী অভিনেতা ওমর সানিকে। তবে তার সঙ্গে চুক্তিটা বাকি। দিন দশেকের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে। ‘নব্বই দশকের হিট জুটি সানি-মৌসুমী। তাদেরকে এক সিনেমায় দেখার ইচ্ছে সবসময়ই করে। দর্শকও নিশ্চয় তাদের পর্দায় একসঙ্গে দেখলে খুশি হবেন’- যোগ করেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারেক।

‘দেবর আমার কত আপন’ ছবিতে আরও অভিনয় করবেন মৌসুমী ওমর সানি, মাসুম আজিজ, বড়দা মিঠু, শরীফ চৌধুরী, মেহেদি, লাজুক, মিষ্টি প্রমুখ।

আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মাণ হতে যাওয়া ছবিটি মুক্তি দেয়া হবে আগামী বছরের শুরুতে।

আডি/ ১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language