জাতীয়

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ঢাকা, ১৭ ডিসেম্বর – রাতের তাপমাত্রা কোথাও কমছে আবার কোথাও বাড়ছে। আপাতত দুদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পর কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ পৌষের ২ তারিখ। এদিন সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language