এবার রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী, ১১ ডিসেম্বর – রাজশাহীর কারাগারে অসুস্থ হয়ে পড়া বিএনপি নেতা মনিরুল ইসলামের (৫২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত মনিরুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার বিষয়ক সম্পাদক। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে রাজশাহী সিনিয়র জেল সুপারের মুঠোফোন কল করা হলে বন্ধ পাওয়া গেছে। পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
তবে অন্য গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে থাকা মনির সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে তাকে রামেকে পাঠানো হলে বেলা ১১টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, বেলা ১১টায় তাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াও আইনগত প্রক্রিয়াগুলো পুলিশ দেখছে।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন নিহত মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, মরদেহ মনাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে তিনি শুনেছেন মনিরুল অসুস্থ ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩









