কুড়িগ্রাম

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

কুড়িগ্রাম, ১০ ডিসেম্বর – উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠাণ্ডায় জবুথবু এ অঞ্চলের মানুষ।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

দেখা গেছে, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নদ-নদীতীরবর্তী চর ও দ্বীপচরের মানুষ। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বাড়ছে। তবে গত এক সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে ওঠানামা করছে।

শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের রমজান আলী বলেন, কয়েকদিন থেকে খুবই শীত। আজ সকালে যে শীত পড়ছে রাস্তা দেখা যায় না। এরকম ঠাণ্ডা ও শীত হলে আমার মতো বয়স্ক মানুষদের সমস্যা।

জানা গেছে, শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে মজুদ রয়েছে আরও ১৫ হাজার কম্বল।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১০ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language