মাগুরা

সাকিবের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

মাগুরা, ০৪ ডিসেম্বর – মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। হামলার শিকার ওই ব্যক্তির অভিযোগ, মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করেছেন। আহত গোলাম মোরশেদ টুকু (৪৫) উপজেলার বড় উদাস গ্রামের কেরামত আলীর ছেলে ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।

মাগুরা সদর হাসপাতালে আহত গোলাম মোর্শেদ টুকু গণমাধ্যমকে বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পাওয়ায় ৩০ নভেম্বর কয়েকশো নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন তিনি। মিছিল বের করায় স্থানীয় চেয়ারম্যান আব্দুল হালিম ক্ষেপে গিয়ে তাকে দেখে নেয়ার হুমকি দেন। এ ঘটনার জেরে রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে লাঙ্গলবাঁধ বাজারের পাশে কৃষি ব্যাংক থেকে বের হওয়ার পর তাকে একা পেয়ে জেনারুল, শিমুল, সোহেলসহ ১০/১২ জন তার ওপর হাতুড়ি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিনি মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইলিয়াস হোসেন বলেন, ১নং গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমের সঙ্গে আহত টুকুর পরিবারের বিরোধ চলে আসছে। টুকু ভাইকে হালিম চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী মনে করেন। পরবর্তীতে গোলাম মোর্শেদ টুকু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারেন সেই আশঙ্কায় আনন্দ মিছিলের অজুহাতে তার ওপর হামলা চালানো হয়।

শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আহত টুকুর স্ত্রী রোকেয়া মোরশেদ বলেন, সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল বের করায় আমার স্বামীর ওপর হামলা করা হয়েছে। আমি এর সঠিক বিচার দাবি করছি।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম বলেন, টুকুর ওপর যারা হামলা চালিয়েছেন তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি এবং সন্ত্রাসী মামলা রয়েছে।

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস বলেন, গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি আহত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এলে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার হাতে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, শুনেছি লাঙ্গলবাঁধ বাজারে দুর্বৃত্তরা টুকু নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন। তিনি সদর হাসপাতালে ভর্তি আছেন। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language