বগুড়া

এক ঘণ্টার ব্যবধানে বগুড়ায় দুই ট্রাকে আগুন

বগুড়া, ০৯ নভেম্বর – বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলায় লাহেড়িপাড়া ইউনিয়নের দিঘলকান্দীতে ও পৌনে ১০টার দিকে মানিকচক বাজারে এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মিজানুর রহমান বলেন, লালমনিরহাট থেকে মালামাল নিয়ে ঢাকার মিডফোর্ডে যাচ্ছিলাম। পথে ঢাকা-রংপুর মহাসড়কের দিঘলকান্দীতে প্রায় এক থেকে দেড়শো মানুষ লাঠিসোটা নিয়ে পথরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করে। একপর্যায়ে আমাকে ও আমার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে মারধরের পর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

মিজানুর রহমান আরও বলেন, দুর্বৃত্তরা মহাসড়কের পাশের কলা বাগান থেকে উঠে এসে এই হামলা চালান। আগুন দেওয়ার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়৷

এরপ্রায় একঘণ্টা পরে ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাসে খন্দকার হিমাগারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুই মোটরসাইকেলে হেলমেট পরা চারজন দুর্বৃত্ত পেট্রল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অবরোধকারীরা রাতের আধারে অগ্নিসংযোগ করেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language