পৌর নির্বাচনে বিজয়ী যাঁরা
ঢাকা, ২৮ ডিসেম্বর- সারা দেশে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। খুলনার চালনায় করোনাভাইরাসে প্রার্থীর মৃত্যু, কয়েকটি স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া ও নির্বাচন বর্জনসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে ১৫টি পৌরসভার নির্বাচনি ফলাফল জানা গেছে।
আজ রাত সাড়ে ৮টার দিকে পাওয়া ফলাফলে আওয়ামী লীগের ১৩ জন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের যাঁরা জয়ী হয়েছেন তাঁরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম, মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান আলী, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম, কুষ্টিয়ার খোকশায় তরিকুল ইসলাম তারিক, বরগুনার বেতাগীতে এ বি এম গোলাম কবির, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, রাজশাহীর কাটাখালীতে আব্বাস আলী, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক, কুড়িগ্রামে মো. কাজিউল ইসলাম, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন ব্যাপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিএনপির প্রার্থী মো. আল মামুন ও পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে, আজ ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই পঞ্চগড় পৌরসভার কয়েকটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে একদল যুবক জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। আহত হন এক পুলিশ সদস্য।
এ ছাড়া পাবনার চাটমোহর পৌরসভায় নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেন।
এদিকে, খুলনার চালনা পৌরসভা মহিলা কলেজ কেন্দ্রে জোর করে ইভিএমে অন্যের ভোট দেওয়ার অভিযোগে এক পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। এই পৌরসভায় নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেইসঙ্গে রাজশাহীর পুঠিয়া ও কাঠাখালী পৌরসভায়ও দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ।
আরও পড়ুন- জামিন চেয়ে হাইকোর্টে ডা. সাবরিনার আবেদন
এ ছাড়া ঢাকার ধামরাই, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুষ্টিয়ার খোকসা, সিরাজগঞ্জের শাহজাদপুর ও মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভাসহ অন্য স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: এনটিভি
আডি/ ২৮ ডিসেম্বর









