নাটোর

নাটোরে পৌর যুবলীগ নেতা বাপ্পীকে কুপিয়েছে প্রতিপক্ষ

নাটোর, ২৬ সেপ্টেম্বর – নাটোরে যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কান্দিভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নাজমুল নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে থেকেই রেজিস্ট্রি অফিসে অবস্থান করছিলেন যুবলীগ নেতা নাজমুল। সন্ধ্যার দিকে রেজিস্ট্রি অফিস থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত। পরে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নাজমুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।

নাজমুল শেখ বাপ্পীর ভাই জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী বলেন, রাজনৈতিক বিরোধের জেরে রমজান হাজীর (জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান) লোকজন আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি নাসিম উদ্দিন আহম্মেদ জানান, হামলাকারীদের খুঁজতে পুলিশ মাঠে নেমেছে। এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

সূত্র: কালবেলা
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language