সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ, ২৫ আগস্ট – দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ৮ নেতাকে বহিষ্কার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা বহিষ্কার

স্বেচ্ছাসেবক লীগের সাময়িক বহিষ্কারপ্রাপ্ত নেতারা হলেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান বলেন, জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে এসব নেতা ফেসবুকে পোস্ট দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের ৮ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী বরাবর সুপারিশ করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language