কক্সবাজার

পাচারের হাত থেকে রক্ষা পেল ৩৪ জন রোহিঙ্গা নারী ও শিশু

কক্সবাজার, ১৪ আগস্ট – কক্সবাজারে পাচার থেকে রক্ষা পেল শিশুসহ ৩৪ রোহিঙ্গা নারী-পুরুষ। পাচারের উদ্দেশ্যে জড়ো করার সময় তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এর আগে রোববার রাতে লারপাড়ায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোর বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে সংঘবদ্ধ পাচারকারীরা কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাচারের জন্য রোহিঙ্গাদের জড়ো করছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৩/৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা সম্ভব হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে বিক্ষিপ্তভাবে অবস্থান করা ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ে যাওয়ার জন্য তাদের জড়ো করা হচ্ছিল। আটক ২ পাচারকারীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের নিজ নিজ ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ আগস্ট ২০২৩

Back to top button
🌐 Read in Your Language