রংপুরে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ২৫

রংপুর, ০৮ জুলাই – রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫-৩০ জন।
নিহত বাবা আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামে।
শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ডের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান, নিহত আল আমিন ও শিশু মাহিন সম্পর্কে পিতা-পুত্র। তারা বাসের যাত্রী ছিলেন।
তিনি আরও জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।
এ ঘটনায় আরও ২৫-৩০ জন গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৮ জুলাই ২০২৩









