অপরাধ

ভুয়া টিকিট-ভিসায় কাতার পাঠানোর প্রতারণা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ, ০২ জুলাই – সিরাজগঞ্জের একজন অসহায় দিনমজুরের স্ত্রীকে কাতারে গৃহকর্মী হিসেবে পাঠানোর কথা বলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন- তারেকুজ্জামান রাকিবের (২৯) ও শিপন (৪০)।

এ বিষয়ে মোট ৪ জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সিরাজগঞ্জের একজন গৃহবধূ তার গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতার যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাংগাইল কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি) যান। সেখানে ভুক্তভোগীর পরিচয় হয় তারেকুজ্জামান রাকিবের (২৯) সাথে। রাকিব টিটিসির সামনে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন।

রাকিব ভুক্তভোগীকে বলেন, বয়স কম হওয়ায় অভিযোগকারী নারী কাতার যেতে পারবেন না। এছাড়াও তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে বলেও ভুক্তভোগীকে ভয় দেখান এবং দেড়লাখ টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন। তার প্রস্তাবে ভুক্তভোগী নারী রাজি হন এবং আসামি রাকিব এবং শিপনকে (৪০) কয়েক দফায় ১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন। এ সময় অভিযুক্তরা আইরিনকে বারবার ফ্লাইটের তারিখ দিচ্ছিলেন।

এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ ও ১৪ জুন এয়ারপোর্টে আসতে বলে অভিযুক্তরা গা ঢাকা দেন। ভুক্তভোগী বারবার ফোন করলেও তারা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে তাকে ফিরে যেতে বলেন। ভুক্তভোগী নারী বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এসময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, অভিযোগ পেয়ে অভিযুক্তদের আটকের পরিকল্পনা করে এয়ারপোর্ট এপিবিএন। এ সময় আইরিনের মাধ্যমে রাকিব এবং শিপনের সাথে আবার যোগাযোগ করা হলে তারা আইরিনকে ফ্লাইট করে দেয়ার আশ্বাস দেন। এ সময় ভুক্তভোগীকে ৩০ জুন এয়ারপোর্টে এসে তার পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব। রাকিব ও শিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা তার সাথে দেখা না করে তাদের চক্রেরই আরও ২ সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং ভুক্তভোগীর কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন।

এই টাকা সংগ্রহ করার উদ্দেশ্যেই প্রতারক চক্রের সদস্য রবিন খন্দকার এবং শান্ত কালু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্ত্বর এলাকার বাইরে চায়ের দোকানে ভুক্তভোগীর সাথে দেখা করেন। এসময় ভুক্তেভোগীকে পাসপোর্ট এবং ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলেই সাদা পোশাকে নজর রাখা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যরা চক্রের ২ সদস্যকে আটক করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী চক্রের সদস্য রবিন, শান্ত, রাকিব, শিপনকে আসামি করে বিমানবন্দর থানায় শনিবার মামলা করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language