রাতে ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাত করে গেলেন জাহাঙ্গীর আলম

বরিশাল, ১৭ জুন – বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের খোঁজ নিতে বরিশালে গিয়েছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে রাত ১১টার দিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে গিয়ে ফয়জুল করীমের খোঁজ খবর নেন।
চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরিফে এসে পৌঁছান। এ সময় তিনি এক ঘণ্টা এখানে অবস্থান করেন এবং একান্তে কিছু সময় বৈঠক করেন।
সানাউল্লাহ আরও বলেন, জাহাঙ্গীর আলম আহত মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এছাড়া আর কি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা জানি না। তবে মুফতি ফয়জুল করীমের কক্ষ থেকে বের হয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।
এ বিষয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও জাহাঙ্গীর আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ জুন ২০২৩









