অপরাধ

মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা: চক্রের ১৯ সদস্য গ্রেপ্তার

ঢাকা, ১৭ মে – রাজধানীর উত্তরায় মোবাইল অ্যাপে ক্ষুদ্রঋণ দেয়ার নামে প্রতারণা করে আসা এক চক্রের মূল হোতা মাহেরসহ ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিটের (এটিউ) সাইবার ক্রাইম উইং।

মঙ্গলবার (১৬ মে) বি‌কে‌ল থে‌কে রাত পর্যন্ত উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এটিউয়ের পুলিশ সুপার (‌মি‌ডিয়া) মোহাম্মদ আসলাম খান জানান, দীর্ঘদিন ধরে র‍্যাপিড ক্যাশ নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণ দেয়ার নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই চক্রটির কাছ থেকে সাধারণ মানুষ ঋণ নেয়ার জন্য অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর সমস্ত কন্টাক্ট নম্বর, গ্যালারির তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। দেশের যেকোনো মোবাইল সিমের নম্বরের মাধ্যমে অ্যাপটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়।

রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাপিড ক্যাশ ব্যবহারকারীকে ৫০০ বা এক হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণ দেয়। ওই দিন থেকে টাকার ওপর প্রায় ১০০ টাকা হারে সুদ বাড়তে থাকে। ঋণ দেয়ার কয়েক দিনের মধ্যেই লোন পরিশোধ করতে হোয়াটসঅ্যাপে ফোন দেয়। কোনো গ্রাহক যদি এই উচ্চ হারের সুদ প্রদানে অস্বীকৃতি প্রদান করে তবে র‍্যাপিড ক্যাশ তাকে বিভিন্নভাবে প্রতারণা বা ব্ল্যাকমেল করা শুরু করে। যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য ফেসবুকসহ সামাজিক মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে টাকা আদায় করে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে এসপি আসলাম জানান, কোনো গ্রাহক সম্পূর্ণ টাকা পরিশোধের পরও তাদের আবারও ঋণ নিতে বাধ্য করে। ভুক্তভোগীদের অভিযোগের ভি‌ত্তি‌তে মঙ্গলবার বিকেল ৫টা থেকে অভিযান শুরু করে এটিউয়ের সাইবার ক্রাইম উইং।

অভিযানকা‌লে চক্রের মূল হোতা মাহেরসহ ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য ১১ জন তরুণী ও ৮ জন তরুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাপিড ক্যাশ নামের অ্যাপ ব্যবহার করে লোন দেয়া ও টাকা আদায়ে বিভিন্ন হুমকির কথা স্বীকার করেছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, এই গ্রুপের সদস্যরা একটি অ্যাপ বেশি দিন চালাতো না। যখনই কোনো অ্যাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসতে পারে বলে সন্দেহ হয়, তখনই তারা অ্যাপটি বন্ধ করে দেয়। আবারও নতুন নামে একই কাজের একটি অ্যাপ তৈরি করে। এভাবেই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language