বিচিত্রতা

১ কেজি আলুর দাম ৬৫ হাজার টাকা!

মাত্র এক কেজি আলুর দাম প্রায় ৬৫ হাজার টাকা। শুনতে অবাক করার মতো হলেও ফ্রান্সের লা বোনোত আলুর দাম এতো টাকা। লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ব্যয়বহুল এ জাতের আলু দেশটির ইলে দে নয়েরমৌতিয়ের দ্বীপে বিশেষভাবে চাষ হয়। সেখানে এ ধরনের আলুর দাম কেজি প্রতি প্রায় ৫৫৫ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার টাকা ৮৬২ টাকা (১ ইউরো ১১৬ টাকা ধরে)।

জানা যায়, এ ধরনের আলু দেশটির মাত্র ৫০ বর্গমিটারের বালুময় জমিতে চাষ করা হয়। এতে সার হিসেবে সামুদ্রিক শৈবাল এবং জলজ উদ্ভিদকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে এ আলু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আলুতে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আলু স্বাদে অন্যরকম, যার নিজস্ব স্বাদ আছে। এটি খেতে একই সঙ্গে লবণাক্ত, হালকা লেবু ও আখরোটের মতো। এমন স্বাদের জন্য লা বোনোত আলু অন্য আলু থেকে অনন্য।

জানা যায়, ইলে দে নয়েরমৌতিয়েতে মোটে ১০ হাজার টন আলুর উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে শুধু লা বোনোত আলুর পরিমাণ মাত্র ১০০ টন। এ কারণে এ ধরনের আলুর দাম দেশটিতে এতো বেশি হওয়ার কারণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া এ জাতের আলু অনেক যত্নসহকারে তুলতে হয়। এক সপ্তাহ ধরে প্রায় আড়াই হাজার শ্রমিক বিরল এ জাতের আলু তুলে থাকেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language