সিলেট

মেয়র আরিফের হার্টে ব্লক, পরানো হয়েছে ৩টি রিং

সিলেট, ১৬ মার্চ – সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে ৩টি রিং স্থাপন করা হয়েছে। ঢাকার ইউনাইডেট হাসপাতালে এনজিওগ্রামে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়লে চিকিৎসকরা সফলভাবে রিং স্থাপন করেছেন। বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয় এবং হার্টে রিং স্থাপন করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বুধবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এনজিওগ্রাম করানো হলে মেয়র আরিফুল হক চৌধুরী হার্টে মেজর ৩টি ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সফলভাবে রিং স্থাপন করেন। তাকে এখন হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে মেয়র আরিফুল হক চৌধুরী গত সোমবার সিলেটে প্রফেসর ডাক্তার শিশির বসাকের তত্ত্বাবধানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক সুস্থতার জন্য সিলেট তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৬ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language