মডেলিং

দাউদের কথিক ‘প্রেমিকা’থেকে এবার বিলাওয়ালের প্রেমে পাকিস্তানি অভিনেত্রী!

ইস্লামাবাদ, ০১ ডিসেম্বর- মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের কথিত বান্ধবী তিনি। অন্তত পাকিস্তান জুড়ে ছড়িয়ে থাকা গুঞ্জন তেমনটাই বলে। যদিও দাউদের সঙ্গে তার বয়সের ফারাক ২৭ বছরের। গত বছর থেকেই পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াতের সঙ্গে কুখ্যাত ডনের মন দেওয়া নেওয়ার কথা ছড়িয়ে পড়ে। কিন্তু এমন মেহউইশেরই কিনা পছন্দ এক তরুণ পাক রাজনীতিবিদকে!

কী করে জানা গেল তার এই গোপন পছন্দের কথা? আসলে সম্প্রতি টেলিভিশনে এক সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেই সময় তার পছন্দের পুরুষের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। তিনি সাফ জানিয়ে দেন, লম্বা পুরুষই তার পছন্দ।

এসময় মেহউইশকে উপস্থাপক প্রশ্ন করেন, তিনি কি পাকিস্তানের সেই তরুণ রাজনীতিবিদের কথা বলছেন যিনি সম্প্রতি পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলির সদস্য হয়েছেন? তা শুনেই এই অভিনেত্রী জানতে চান, ‘আপনি কি বিলাওয়ালের কথা বলছেন?’

তার প্রশ্ন শুনে সঞ্চালক অবশ্য জানিয়ে দেন, তিনি বিলাওয়াল ভুট্টো জারদারির কথা বলছেন না। তবুও যদি বিলাওয়ালের সঙ্গেই মেহউইশের বিয়ের কথা ওঠে তাহলে তার সিদ্ধান্ত কী? তার এমন প্রশ্নে পাক অভিনেত্রী নিঃসঙ্কোচে বলেন, বিলাওয়াল সত্যিই সুদর্শন। তাকে তার পছন্দ।

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি কিছুদিন হল রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন। ২০১৯ সালে পাকিস্তানের ‘তমগা-এ-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত হন মেহউইশ। সেই সময়ই জোরদার হয়ে ওঠে দাউদের সঙ্গে তার সম্পর্কের গুজব।

শোনা যায় দাউদের তদ্বিরেই নাকি ওই সম্মান পেয়েছেন মেহউইশ। এক পাকিস্তানের দৈনিকের দাবি, একটি আইটেম সং-এ মেহউইশকে নাচতে দেখেই তার প্রেমে পড়ে যান দাউদ। তারপর থেকেই নাকি ওই অভিনেত্রীকে বড় বড় প্রোজেক্টে সুযোগ পাইয়ে দিতে শুরু করেন মাফিয়া ডন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া
আডি/ ০১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language