দক্ষিণ এশিয়া

ঠাণ্ডায় আফগানিস্তানে এক সপ্তাহে গেল ৮৪ জনের প্রাণ

কাবুল, ২৭ জানুয়ারি – চলতি মাসে ভয়াবহ ঠাণ্ডায় আফগানিস্তানে ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ শীত বলা হচ্ছে। ঘর গরম করার জন্য জ্বালানি যোগাড় করতে পারছেন না বলে জানিয়েছেন দেশটির নাগরিকরা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মুখপাত্র শফিউল্লাহ রহিমি জানান, এই শীতে গত ১০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত সপ্তাহেই মারা যান ৮৪ জন।

গত ১৫ বছরের মধ্যে এটি ভয়াবহ শীত। যা আফগানিস্তানের অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে। ইতোমধ্যে তাপমাত্রা মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

দেশটিতে তালেবানের আদেশের কারণে নারী এনজিও কর্মীরা কাজ করতে পারছেন না। আদেশের পর থেকে কয়েক সপ্তাহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের কাজ আংশিক স্থগিত করেছে।

৩০ বছর বয়সী দোকানি আশুর আলী কনক্রিটের একটি বেজমেন্টে পরিবার নিয়ে থাকেন। সেখানে তার পাঁচ সন্তান ঠাণ্ডায় কাঁপছে। তিনি বলেন, ‘এ বছর আবহাওয়া খুব বেশি ঠাণ্ডা। আমরা নিজেদের জন্য কয়লা কিনতে পারিনি। দোকান থেকে যে অল্প পরিমাণ আয় হয় তা জ্বালানি কেনার জন্য যথেষ্ট নয়। শিশুরা ঠাণ্ডার কারণে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে। তারা সবাই অসুস্থ।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৭ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language