ঢালিউড

ঢাকায় আবারও ‘বিউটি সার্কাস’

ঢাকা, ১৭ জানুয়ারি – আবারও ঢাকার বড় পর্দায় দেখা যাবে দেশিয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত চলচ্চিত্রটি মঙ্গলবার (১৭ জানুয়ারি) চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এটি বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

দেশিয় বিলুপ্ত প্রায় সার্কাস শিল্প নিয়ে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় গত ২৩ সেপ্টেম্বর। সার্কাসকন্যা ‘বিউটি’-রূপে-সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, “নানা প্রতিকুলতার ভেতর দিয়ে মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’-এ সময়ের জন্য অত্যন্ত জরুরি একটি চলচ্চিত্র। রাস্ট্র, সমাজ, লেখক, বুদ্ধিজীবি কিংবা প্রগতিশীল মানুষের হাত ধরেই এ চলচ্চিত্রটি প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। আমাদের দেশের অন্যতম বৃহৎ এ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাই।”

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার, মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে সিনেমাটির চিত্রধারণের কাজ শুরু হয়। এজন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করতে হয়েছিল। ২০১৭ সালে নির্মাণকাজ শুরু হলেও সিনেমাটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়।

আইএ/ ১৭ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language