দিনাজপুর

৯ ডিগ্রিতে নামল দিনাজপুরে তাপমাত্রা

দিনাজপুর, ২৫ ডিসেম্বর – দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে দিন দিন কমছে তাপমাত্রা। ফলে তীব্র শীতে বাড়ছে রোগবালাই। নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।

তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। গতকালও তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

জেলা আবহাওয়া অফিস জানায়, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে। এ ছাড়া চলতি মাসেই জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। জেলায় ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমবে।

এদিকে তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language